নিজস্ব প্রতিবেদক | ১২ অক্টোবর, ২০১৫
ফাইল ছবি
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন ও ছাত্র-শিক্ষক-চিকিৎসক-অভিভাবক সংহতি সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ বিকেল সাড়ে ৪টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ যোগ দেন।
সংহতি সমাবেশে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, সম্পূর্ণ প্রশ্নপত্র পূর্বেই ফাঁস হয়ে যাওয়ায় ২০১৫-১৬ বর্ষের মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আজ রাস্তায়। তারা পুলিশ কর্তৃক নির্যাতিত হচ্ছেন, জেলে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন ফাঁসের এ বিষয়টি বিভিন্ন টেলিভিশন গুরুত্ব সহকারে প্রচারিত করে। তারপরও প্রশাসন এখন পর্যন্ত নিরব ভূমিকা পালন করছে। এমনকি প্রশ্ন ফাঁসে জড়িতদের আশকারাও দিয়ে যাচ্ছে।
বক্তারা বলেন, পঞ্চম শ্রেণী থেকে শুরু করে বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁস হচ্ছে। যা জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। মেধাবীদের এগিয়ে দিচ্ছে ধ্বংসের পথে। তারপরও দেশের স্বাস্থ্যমন্ত্রী এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রশ্নফাঁসের বিষয়টি নির্লজ্জভাবে অস্বীকার করছেন। এভাবে চলতে থাকলে আগামীতে মেধার কোনো মূল্য থাকবেনা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এ আন্দোলন তাই শুধু এ বছরের পরীক্ষা বাতিল করার আন্দোলন নয়- একটি নৈতিক অধ:পতনের ভয়াবহ সংকটের বিরুদ্ধেও আন্দোলন। তাই এ আন্দোলনে শিক্ষার্থীদের সহযোগী হতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে অংশ নিতে আহ্বান জানান তারা।
এ বছর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার পরপরই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের আহ্বানে সাড়া না দিয়ে মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।