Sylhet Today 24 PRINT

১৫ অক্টোবর দেশে আসছে কামরুল

নিজস্ব প্রতিবেদক |  ১৩ অক্টোবর, ২০১৫

সিলেটে চাঞ্চল্যকর শিশু সামিউল আলম রাজন হত্যার প্রধান অভিযুক্ত কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের তিন সদস্য সেমাবার সৌদি আরবের রাজধানী রিয়াদ এসে পৌঁছেছেন।

ইন্টারপোল সংশ্লি­ষ্ট বাংলাদেশ পুলিশের উর্দ্ধতন তিন কর্মকতা হলেন পুলিশ হেড কোয়ার্টারের এএসপি মাহবুবুল করিম, সিলেট মেট্রোপলিট পুলিশের এডিসি মোঃ রহমত উল্লাহ ও পুলিশ পরিদর্শক এসএফএম নিজাম উদ্দিন।

আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার তারা কামরুলকে নিয়ে রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কামরুল ইসলামকে সৌদি আরব থেকে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে।

ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে দেশে ফেরত পাঠাবার সকল প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেদ্দার কনসাল জেনারেল একেএম শহিদুল করিম।

রাজন হত্যার পর কামরুল পালিয়ে সৌদি আরব চলে যায়। জেদ্দায় আত্মগোপন করে থাকা অবস্থায় প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের একটি দল কামরুলকে ধরে সৌদি পুলিশের হাতে তুলে দেয়।

সৌদি আরব ও বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকায় দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি বাদশার অনুমতির মাধ্যম কামরুলকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। কামরুল বর্তমানে সৌদি পুলিশ হেফাজতে রয়েছে।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে। পিটানোর দৃশ্য নিজেরাই ভিডিওচিত্রে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় ঘাতকরা। যে ভিডিও দেখে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.