Sylhet Today 24 PRINT

ডেঙ্গু প্রতিরোধে সিসিকের ওয়ার্ডভিত্তিক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুন, ২০২০

করোনা মহামারীর এই সময়েও ডেঙ্গু রোগ প্রতিরোধে সিলেট সিটি করপোরেশন নানামুখী কর্মসূচি পালন করছে। বছরব্যাপী ডেঙ্গু রোগ প্রতিরোধে নেয়া উদ্যোগের অংশ হিসাবে এডিস মশার উৎসস্থল চি‎‎হ্নিতকরণ, এডিস মশা ধ্বংস করা এবং সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে।

রোববার (২২ জুন) সিলেট সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে ইউসেফ স্কুল ঘাসিটুলা ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক ওয়ার্ডভিত্তিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সিলেট সিটি করপোরেশনের সচিব ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের পরিচালনায় সচেতনতামূলক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব জালাল উদ্দিন সাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিসিকের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তারেক উদ্দিন তাজ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হারিস মিয়া, মো. আনোয়ার মিয়া, মো. জাহাঙ্গীর মিয়া, মো. আনসার মিয়া, সাজ্জাদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নাগরিক প্রতিনিধিরা অংশ নেন।

পরে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় সিসিকের স্বাস্থ্যকর্মীরা বাসা-বাড়িতে গিয়ে এডিস মশার উৎসস্থল চিহ্নিতকরণ এবং নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেন।

বাসা-বাড়ির ছাদে, ফুলের টবে, টিউব-টায়ারে কিংবা এসির জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবৃদ্ধি করে। তাই এসব স্থানে পরিষ্কার পানি জমে থাকতে দিবেন না।

অবশ্যই তিন দিনের মধ্যে এসব স্থানের পানি পরিষ্কার করে নিতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছে সিসিকের স্বাস্থ্য বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.