Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে একদিনে ৭২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুন, ২০২০

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ৭২ জনের শরীরে এর উপস্থিতি শনাক্ত করা গেছে।

সোমবার (২২ জুন) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক সিলেটটুডে টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ৪১ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসিআর ল্যাবে ৩১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, সোমবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪১ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদিন ল্যাব কর্তৃপক্ষ  ৩৩৫ টি নমুনা সংগ্রহ করেন বলেও জানান এ চিকিৎসক।

ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে সিলেট সদরের ২০ জন, জকিগঞ্জের ৭ জন, ফেঞ্চুগঞ্জের ৩ জন, বিয়ানীবাজারের ৬ জন, কানাইঘাট ২ জন, গোলাপগঞ্জের ২ জন ও সুনামগঞ্জের দিরাই উপজেলার একজন বাসিন্দা রয়েছেন।

অন্যদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, শাবির ল্যাবে সোমবার ২০২ টি নমুনা সংগ্রহ করে ১৮৮ টির পরীক্ষা করা হলে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.