Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে করোনায় আক্রান্ত আরও এক ব্যক্তির মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২২ জুন, ২০২০

সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লালন মিয়া (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। মারা যাওয়া লালন মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা গ্রামের বাসিন্দা মৃত খুশিদ মিয়ার ছেলে।

সিভিল সার্জন সূত্রে জানা যায়, গেল ৯ জুন করোনায় আক্রান্ত হন লালন মিয়া। করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে করোনা আক্রান্ত হলে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশ ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠালে সেখানে দীর্ঘ কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর আজ (সোমবার) বিকেলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

যেহেতু লালন মিয়া করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে সুনামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গিয়েছেন ৫ জন। যার মধ্যে তিনজনই ছাতক উপজেলার এবং জামালগঞ্জ উপজেলার একজন। এছাড়া সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১৯২ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে পঞ্চম ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এক ব্যক্তি মারা গিয়েছেন। তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন। আজ বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি হাসপাতালেই মারা যান। তার জানাযা ও দাফন স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.