Sylhet Today 24 PRINT

ইসকন সিলেট মন্দিরে ভক্ত ছাড়াই পালিত হলো জগন্নাথের রথযাত্রা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০২০

এবার জগন্নাথদেবের রথযাত্রায় দড়ি ধরার জন্য শত শত লোকের হুড়োহুড়ি দেখা গেল না সিলেটের ইসকন মন্দিরে। এবারও রথ বের হয়েছে বটে, তবে এ বছর ভক্তহীনই থাকতে হয়েছে মন্দিরের জগন্নাথদেবকে। এই প্রথমবারের মতো সিলেটের ইসকন মন্দিরে জনসমাগম না করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব।

সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠান যাত্রা। পরে মন্দির অভ্যন্তরেই আনুষ্ঠানিকভাবে হরিনাম সংকীর্তন সহকারে কয়েকজন ভক্ত রথ টেনে নেয়। আগামী ১ জুলাই বুধবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উদযাপিত হয়। প্রতিবছর উৎসবমুখর পরিবেশে ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় এই উৎসব।

এ উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, আরতি কীর্তনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সনাতন ধর্মাবলম্বীরা জানেন, ভগবান জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর শ্রী শ্রী জগন্নাথদেবের বিগ্রহ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.