Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০২০

ফাইল ছবি

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের নেগাল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে এ ষংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এসময় ১১ জনকে আটক করে পুলিশ। নিহত চেরাগ আলী (৬৫) ওই গ্রামের মৃত আরিজ উল্লাহের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেগাল গ্রামের হাওরে জমির আইল (সীমানা) কাটা নিয়ে লুৎফুর রহমান ও আমিন উল্লাহ পক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষের শুরু হয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘন্টাব্যাপী চলা সংঘর্ষ থামাতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ১১ জনকে আটক করা হয়।

সংঘর্ষে গুরুতর আহত হন আমিন উল্লাহের ভাতিজা চেরাগ আলী। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয়পক্ষের ১১ জনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।

তিনি জানান, মারা যাওয়া চেরাগ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.