Sylhet Today 24 PRINT

পুলিশের বাজারের ব্যাগ নিয়ে রিকশাচালকের পলায়ন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৩ জুন, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার এক পুলিশ কর্মকর্তার বাজারের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার  অভিযোগ উঠেছে এক রিকশাচালকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের মৌলভীবাজার রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক জাহানারা বেগম বাজার নিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে থানার সামনে থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে শহরের এহসান করিম রোডের বাসায় যাচ্ছিলেন। এসময় ওই সড়কের উপর নির্মাণাধীন একটি ভবনের সামনে রাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকায় অটোরিকশাটি ট্রাকের পেছনে আটকা পড়ে। এ সময় এসআই জাহানারা বেগম বাজারের ব্যাগ রিকশায় রেখে নেমে পড়েন। তিনি ট্রাকের সামনে গিয়ে ড্রাইভারকে ট্রাকটিকে পাশে সরিয়ে নেয়ার কথা বলে পেছনে এসে দেখেন রিকশাটি নেই। জাহানারা ট্রাকের পেছনে যেতেই সুযোগ বুঝে রিকশাচালক পুলিশ অফিসারের বাজারের ব্যাগ নিয়ে চম্পট দেয়। এরপর খোঁজ করেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এসআই জাহানারা বেগম জানান, এ সময় তিনি সাদা পোষাকে ছিলেন। রিকশাটি গোলাপি রঙের ছিল, তিনি এর চালককে দেখলে চিনতে পারবেন। বিষয়টি রিকশাচালক সমিতির সভাপতিকে জানিয়েছেন বলে তিনি জানান।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা সিলেটটুডে কে বলেন, উনার (এসআই জাহানারা) বাজারের ব্যাগে আলু, ডাল, লবনসহ নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস ছিলো যার আনুমানিক বাজার মূল্য ৬০০/৭০০ টাকা হবে। করোনাভাইরাসের কারণে যাত্রী কমে যাওয়ায় ওই রিকশাচালক সম্ভবত খুব অভাবগ্রস্ত অবস্থায় আছেন তাই মানবিক দিক বিবেচনা করে আমরা এই ব্যাপারে আর অনুসন্ধান করিনি। এস আই জাহানারা পরে আবার বাজার করে নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.