Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে করোনায় মৃত নারীর ‘গোপনে’ দাফন, তোলপাড়

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৪ জুন, ২০২০

সিলেটের বিয়ানীবাজারের চারখাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃদ্ধ নারীর নাম রেজিয়া খানম। তিনি গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় সিলেট নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বুধবার (২৪ জুন) সকালে তাকে চারখাই ইউনিয়নের আদিনাবাদ গ্রামে দাফন করেছেন রোগীর আত্মীয় স্বজনরা। তবে গোপনে ওই নারীকে দাফন করার ঘটনায় তোলপাড় চলছে।

বিজ্ঞাপন



বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১১ জুন বৃহস্পতিবার রেজিয়া খানম করোনার উপসর্গ নিয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। সেখানে নমুনা দিয়ে তার করোনা পজিটিভ শনাক্ত হয় এবং চিকিৎসা চলে। রোগীর বাড়ি বিয়ানীবাজার হলেও হাসপাতালে তার ঠিকানা উপশহর দেয়া হয়। এ কারণে বিয়ানীবাজারে রিপোর্টে আসেনি।

এদিকে, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় রেজিয়া খানম মারা যান। বুধবার সকালে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার পর আনুমানিক ১১ টায় রোগীর স্বজনরাই জানাজা ও দাফন সম্পন্ন করেন। এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন কিংবা স্বাস্থ্য বিভাগকে কেউ অবগত করেনি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.