Sylhet Today 24 PRINT

কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার চার্জশীট গ্রহণ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৫

২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যের বাজারে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার চার্জশীট গ্রহণ করা হয়েছে। মামলাটি বিচারের জন্য হবিগঞ্জের দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর বিস্ফোরক মামলার চার্জশীট গ্রহণ করে তা বিচারের জন্য দায়রা জজ আদালতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গৃহীত চার্জশীটে ৩২ জনকে আসামী করা হয়েছে। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র আলহাজ্ব জিকে গউছসহ ১৫ জন কারাগারে, ৮ জন জামিনে, ৯ জন পলাতক রয়েছেন। মঙ্গলবার জামিনপ্রাপ্ত ৮ আসামীর মধ্যে ৭ জন হাজির ছিলেন। ১ জনের জন্য সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।

আদালত সূত্র জানায়, গত ১২ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মেহেরুন্নেছা পারুল কিবরিয়া হত্যকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার কারাগারে থাকা আসামীদেরকে বিস্ফোরক মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানোর আবেদন করেন। এ প্রেক্ষিতে গত ১ জুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী ও আলহাজ্ব জি কে গউছসহ কারাগারে থাকা সকল আসামীকে শ্যোন এ্যারেস্ট দেখানোর আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা সম্পূরক চার্জশীট তৈরি করে গত ১০ আগস্ট সবার অগোচরে তা দাখিল করেন। এর আগে কিবরিয়া হত্যাকান্ডের সম্পূরক চার্জশীটও তিনি সবার অগোচরে দাখিল করেছিলেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন। এতে আহত হন বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ ৪৩ জন। এ ঘটনায় আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি বাদি হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন। হত্যা মামলার বিচারের কাজ সিলেটের দ্রুত বিচার আদালতে শুরু  হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.