Sylhet Today 24 PRINT

করোনার সংক্রমণ ঠেকাতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০২০

করোনার সংক্রমণ ঠেকাতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ (শনিবার) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে ৩১ শয্যার শাহপরান করোনা আইসোলেশন সেন্টারের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় সিলেটবাসীকে করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

সিলেট সিভিল সার্জন অফিস এবং সিলেট কিডনি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে করোনা ইউনিটটি চালু হলো। এর আগে সিলেটে একশ’ শয্যার শহীদ শামসুদ্দিন হাসপাতাল ও দু’টি বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসাসেবা শুরু হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় সিলেটবাসীকে সচেতনতার সহিত কাজ করতে হবে। সিলেটে কোভিড আক্রান্ত রোগী দিন দিন বাড়ছে। তাই সিলেটবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যাতে কোভিড-১৯ আমাদের আক্রমণ করতে না পারে।

মন্ত্রী আরও বলেন, ওসমানী মেডিকেলে আরেকটি ল্যাব নির্মাণের কাজ চলছে। খুবই শীঘ্রই সেটাও চালু করা হবে। বর্তমানে যে একটি ল্যাব রয়েছে, সেটাতেও জনবল বাড়ানো হয়েছে। হাসপাতালগুলোকে মানবিক বিবেচনায় করোনা ও অন্যান্য সাধারণ রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী কিডনি ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, আমার আশা ছিলো এই সময়ে সিলেটে অত্যন্ত উন্নত চিকিৎসাসেবা পাবে করোনা রোগীরা। এখানে অনেক উন্নতমানের হাসপাতাল রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তা হয়নি। তবে কিডনি ফাউন্ডেশনের মতো বেসরকারি উদ্যোগ ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।

সিলেট শহরতলীর খাদিমপাড়ায় অবস্থিত ৩১ শয্যা বিশিষ্ট শাহপরান হাসপাতালটি চালু হওয়ায় সিলেটে সরকারি প্রথম করোনা আইসোলেশন সেন্টার শামসুদ্দিন হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমবে। এই হাসপাতালে আজ থেকে কোভিড-১৯ এর চিকিৎসা পাবেন রোগীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.