Sylhet Today 24 PRINT

মৃত্যুর পর আসলো ডা. গোপাল শঙ্করের করোনা আক্রান্তের রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন সিলেটের মনোরোগ বিশেষজ্ঞ ডা. গোপাল শঙ্কর দে। মারা যাওয়ার একদিন পর রোববার (২৮ জুন) আসা রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। শনিবার (২৭ জুন) রাতে করোনার উপসর্গ নিয়ে মারা যান ডা গোপাল শঙ্কর দে।

রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে গোপাল শঙ্করের করোনা পজিটিভ আসে।

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. গোপাল শংকর দে কয়েকদিন ধরেই করোনার উপসর্গে ভূগছিলেন। গত ২০ জুন তিনি নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হন। হাসপাতালে ভর্তির আগেই করোনা শনাক্তকরণ পরীক্ষা করালে তার রিপোর্ট নেগেটিভ আসে।

গত ২০ জুন মধ্যরাতে ডা. গোপাল শঙ্কর করোনার উপসর্গ নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হন। তবে এরআগেই তিনি নমুনা পরীক্ষা করিয়েছিলেন। যার রিপোর্ট নেগেটিভ আসে। তবে তাঁর শরীরের সব ধরণের উপসর্গ থাকায় আমরা গত ২৩ জুন আবার নমুনা সংগ্রহ করে করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য পাঠাই। তবে দ্বিতীয় দফা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

বিজ্ঞাপন



তবে সবধরণের উপসর্গ থাকায় তাকে করোনা রোগী হিসেবে ধরে নিয়েই চিকিৎসা দেওয়া হচ্ছিল বলে শনিবার  জানিয়েছিলেন মাউন্ট এডোরা হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক রাশেদুল ইসলাম। ডা. গোপালের অবস্থার অবনতি হওয়ায় তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দুই দিন আগে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

এছাড়া দ্বিতীয় দফা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ওসমানীর ল্যাবে পাঠানো হয়। সেই রিপোর্ট আসার একদিন আগেই মারা যান সিলেটের খ্যাতিমান এই চিকিৎসক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.