Sylhet Today 24 PRINT

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০২০

সিলেট-সুনামগঞ্জসহ দেশের ৯ জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা প্রকাশ করেছে সরকারি এই সংস্থাটি।

সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়ে পড়েছে। বিপদসীমা অতিক্রম করেছে বিভিন্ন নদ-নদীর পানি। পানিতে তলিয়ে গেছে জনপদ। অব্যাহত রয়েছে বৃষ্টিও। পুরো সপ্তাহজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এরমধ্যে আগামী ২৪ ঘণ্টায় দেশের ৯ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে রোববার (২৮ জুন) জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

তাতে বলা হয়েছে, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।

বিজ্ঞাপন



পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার .২৫ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে .০২ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে .০৮ সেন্টিমটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া কুশিয়ারা নদীর সুনামগঞ্জ পয়েন্টে ৭০ সেন্টিমিটার, জাদুকাটা নদীর লাউড়েরগড় পয়েন্টে ৯০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের বাংলাদেশ অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শনিবার (২৭ জুন) সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত তাহিরপুরের লাউরেরগড়ে ৩৬০ মিলিমিটার, লালাখালে ১৭৫, মহেশখোলায় ২৪০, ছাতকে ১৩০, সুনামগঞ্জে ২১৩ এবং জারিয়াঞ্জাইলে ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ভারতের অংশের চেরাপুঞ্জিতে ৫৭২, দার্জিলিংয়ে ৬৯, শিলংয়ে ৮৮ ও কৈলাসরে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.