Sylhet Today 24 PRINT

অবসরে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ

জুড়ী প্রতিনিধি |  ২৯ জুন, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস অবসর গ্রহণ করেছেন।

সোমবার (২৯ জুন)) এই কলেজে শেষ কার্যদিবসের মাধ্যমে তার কর্মজীবনের সমাপ্তি ঘটে।

২০১২ সালের ১৯ জুলাই তিনি জুড়ী তৈয়বুন্নেছা খানম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বড়লেখা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

অরুণ চন্দ্র দাস শিক্ষা জীবনে নিজ বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাস করে দিরাই হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। তারপর মদনমোহন কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার শেষে সিলেট এমসি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে যোগদানের পর কলেজের শিক্ষার মান উন্নয়ন, নতুন একাডেমিক ভবন স্থাপনসহ বিভিন্ন কাজ করে গেছেন। তার হাত ধরেই ২০১২-১৪ শিক্ষাবর্ষ থেকে কলেজে বাংলা ও সমাজবিজ্ঞান এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ইংরেজি এই ৩টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। ২০১৭ সালে বর্তমান সরকার সারাদেশের প্রত্যেক উপজেলায় একটি করে কলেজকে সরকারিকরণের আওতায় নিয়ে আসলে জুড়ী কলেজ সরকারিকরণ হয়। কলেজের নিজস্ব তহবিল থেকে দোতলা একটি একাডেমিক ভবন নির্মাণ করার পরও বর্তমানে কলেজের তহবিলে প্রায় ১ কোটি ৫২ লক্ষ টাকা জমা রয়েছে যার কৃতিত্বের অংশীদার তিনি।

একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রতিবেদককে বলেন, শিক্ষকতা মহান পেশা। সেই পেশায় আমি আমার জীবনটা কাটিয়েছি এতটুকুই আমার সার্থকতা। এই কলেজ এবং আমার অতীতের কর্মস্থল বড়লেখা সরকারি কলেজসহ দেশের বিভিন্ন প্রান্তে আমার ছাত্রছাত্রী যারা আছে সবাই যেন আমার জন্য দোয়া-আর্শীবাদ করেন এই প্রত্যাশা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.