Sylhet Today 24 PRINT

মণিপুরীদের সৃজনশীলতা আজ বিশ্বময় : সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জানুয়ারী, ২০১৫

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, মণিপুরী সম্প্রদায় পরিশ্রমী ও সৃজনশীল হয়ে থাকেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই মেলায় শোভা পাচ্ছে। এ সৃজনশীলতা ছড়িয়ে গেছে বিদেশেও। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে মণিপুরীদের দ্বারা তৈরীকৃত কুঠির শিল্প বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছে। মন্ত্রী বুধবার সিলেটের কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজে অনুষ্ঠিত মণিপুরী তাঁত শিল্প ও উদ্যোক্তা মেলা-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে বর্তমান সরকার আন্তরিক রয়েছে। এই শিল্প বিকাশে সমাজকল্যাণ মন্ত্রনালয়ও মণিপুরী সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর দিচ্ছে। আমি মন্ত্রী হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি আবেদনও করেছি যাতে কমপক্ষে দুইলক্ষ টাকা ঋণসুবিধা দেয়া হয়। সমাজকল্যাণ মন্ত্রনালয়ের পক্ষ সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখবো। 

বক্তব্যের শেষ পর্যায়ে সমাজকল্যাণ মন্ত্রী উপস্থিত দর্শকদের পুরনো দিনের একটি গান শোনান। বিখ্যাত শিল্পী কিশোর কুমারের ‘যা পেয়েছি আমি তা চাই না- যা চেয়েছি কেন তা পাই না’ গানটি গেয়ে উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ান।

মণিপুরী সোসাল এন্ড কালচার একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের পরিচালক সানা সিংহ দীপুর সভাপতিত্বে এবং মেহরাব বকস্ তালুকদার জনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আমাতুন কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, বাংলাদেশ ব্যাংক সিলেট এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মোবারক হোসাইন, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত প্রমুখ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরাও বক্তব্য রাখেন।

মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ব্যাংক সিলেট ও সিলেট অঞ্চলের সকল তফশীলি ব্যাংক।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.