Sylhet Today 24 PRINT

জুয়া খেলার অভিযোগে বাদামবাগিচা থেকে আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জুলাই, ২০২০

সিলেট নগরীর বাদামবাগিচা এলাকার একটি চায়ের দোকানে বসে জুয়া খেলার অভিযোগে দুইজনকে আটক করেছে মহানগর পুলিশ। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করা হয়। পুলিশের দাবি আটককৃত দুইজন ‘শিলং তীর’ জুয়ার এজেন্ট।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা।

আটককৃতরা হলো, গোপালগঞ্জ উপজেলার কোটালিপাড়া থানার বান্ধাবাড়ির গোলাম আলীর ছেলে মাছুম (২৭) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়ার মানিক মিয়ার ছেলে আলী হোসেন (২৬)। মাছুম সিলেট নগরীর ইলাশকান্দি ৮২/২ নম্বর বাসা ও আলী হোসেন বাদামবাগিচার ৩৫/৩ নম্বর বাসায় ভাড়া থাকে।

তাদের কাছ থেকে ‘শিলং তীর’ জুয়া খেলার ১২ হাজার ২৩৫ টাকা, ২টি মোবাইল ফোন ও জুয়া খেলার স্লিপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.