Sylhet Today 24 PRINT

শাবিতে মুক্তিযুদ্ধ কর্নারের সময়সীমা বাড়ানোর দাবিতে স্মারকলিপি

শাবি প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নারের সময়সীমা ও বই ধার নেয়ার নিয়ম সমন্বয়ের দাবিতে স্মারকলিপি দিয়েছে সাস্ট সাহিত্য সংসদ। বুধবার শাবির সাহিত্য বিষয়ক একমাত্র সংগঠন ‘সাস্ট সাহিত্য সংসদ’ সদস্যরা কেন্দ্রীয় গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আবদুল হাই সামেনী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

তারা জানান, লাইব্রেরীর মূল অংশ সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে ১২ঘন্টা খোলা থাকে। কিন্তু লাইব্রেরীর মুক্তিযোদ্ধ কর্নার সকাল ৯টা থেকে মাত্র সাড়ে ছ’ঘন্টা খোলা থাকে, কিন্তু ওই সময় মূলত ‘একাডেমিক আওয়ার’ থাকায় শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষার জন্যে ব্যস্ত থাকেন। এর মধ্যে দুপুরে আবার দেড়ঘন্টা বন্ধ রাখা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধ কর্ণারে থাকা ১১ শতাধিক বইয়ের মধ্যে চার শতাধিক বইয়ের একাধিক কপি রয়েছে। কিন্তু কোন বই ধার করে পড়ার সুযোগ নেই শিক্ষার্থীদের। তাই যেসব বইয়ের একাধিক কপি রয়েছে তা ধার নেয়ার সুযোগ, বই ধার দেয়ার নিয়ম পরিবর্তন এবং লাইব্রেরীর মূল অংশের নিয়মের সাথে সমন্বয় করে মুক্তিযোদ্ধা কর্ণার খোলা রাখার নিয়ম পরিবর্তনের দাবি জানান তাঁরা।

এ বিষয়ে সাস্ট সাহিত্য সংসদ'র সভাপতি রেজাউল করিম জানান, মুক্তিযুদ্ধভিত্তিক বই নিয়ে শিক্ষার্থীদের প্রয়োজন ও আগ্রহ থাকলেও বিদ্যমান নিয়মের কারণে তারা তেমন উপকৃত হতে পারছে না। তাই তিনি এ নিয়ম পরিবর্তন ও সমন্বয়ের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন সাহিত্য সংসদ সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এম এ এইচ রাজ, প্রীতম দেবনাথ, মৃণাল কান্তি, ফয়েজ জামান, মিশু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.