Sylhet Today 24 PRINT

গ্রেপ্তারের পর বিএনপি নেতা এমদাদের নাটকীয় মুক্তি নিয়ে গুঞ্জন

নাশকতার অভিযোগে গ্রেফতারের একদিন পরই নাটকীয়ভাবে মুক্তি পেয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরী

সিলেট টুডে রিপোর্ট |  ২৯ জানুয়ারী, ২০১৫


নাশকতার অভিযোগে গ্রেফতারের একদিন পরই নাটকীয়ভাবে মুক্তি পেয়েছেন  সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরী ।  গ্রেফতার করার পর মেট্রোআইনে আদালতে প্রেরণ করে পুলিশ। বুধবার সকাল ১১টায় বিমানবন্দর থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালত থেকে তিনি জামিনে বের হয়ে আসেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আম্বরখানা এলাকা থেকে পুলিশ আটক করার পর বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন গণমাধ্যমকে জানান এমদাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নাশকতা ও ভাংচুরের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে বলা হয়।

মঙ্গলবার বিমানবন্দর থানায় রাতভর তাকে ছাড়ানোর জন্য তদবির হয়। তদবির শেষে এমদাদকে  বর্তমান চলমান নির্দেশনার মামলাগুলো উপেক্ষা করে জামিনযোগ্য ধারায় মেট্রোআইনে আদালতে গতকাল সকালে প্রেরণ করা হয়। এমনকি থানা হাজতে পরিবারের সদস্যরা দেখা করেন তার সাথে।  এ ব্যাপারে নগরীতে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,  ২/১ দিনের মধ্যে বিএনপির এই নেতা লন্ডন চলে যাচ্ছেন স্বপরিবারে। পূর্ব থেকেই তার টিকেট কাটা ছিলো আর একারনেই জোর তদবিরের ফলে মুক্তি ঘটেছে তার ।

 স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে এমদাদকে আম্বরখানা এলাকায় ঘুরতে দেখেন স্থানীয়রা। এমনকি তিনি ওই সময় স্থানীয়দেরকে জানান পুলিশ তাকে ভুলবুঝে গ্রেফতার করে নিয়ে গেছে। পরবর্তীতে তিনি আইনী লড়াইয়ের মাধ্যমে গতকাল সকাল ১১টায় মুক্তি পান বলে স্থানীয়দেরকে জানান।  বিএনপি-জামায়াতের সাথে এক হয়ে নগরীর বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকান্ডে এমদাদের সংশ্লিষ্টতার খবর রয়েছে।  আন্দোলন করেত গিয়ে যখন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ যখন কারাগারে তখন মহানগর বিএনপির এই নেতা গ্রেফতার হয়েও কিভাবে মুক্তি পেলেন এমন প্রশ্ন জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতৃবৃন্দের। ।  বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন জানান, বিএনপি নেতা এমদাদকে পুলিশ মঙ্গলবার বিকেলে আম্বরখানা এলাকা থেকে গ্রেফতার করার পর তাকে মেট্রোআইনে গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে।  আদালত থেকেই তিনি জামিন পেয়েছেন ।






টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.