সিলেটটুডে ডেস্ক | ১৭ জুলাই, ২০২০
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের খেলার মাঠে কোরবানির পশুর হাট না বসানোর আহ্বান জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলা।
আজ শুক্রবার (১৭ জুলাই) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি ও সাধারণ সম্পাদক নাবিল এইচ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগের সভাপতি সঞ্জয় শর্মা ও সাধারণ সম্পাদক সুব্রত বসু চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, 'সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের খেলার মাঠে কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে প্রশাসন। আমরা মনে করি, প্রশাসনের এ সিদ্ধান্ত বর্তমান করোনাকালীন পরিস্থিতি ও এমসি কলেজের শিক্ষা পরিস্থিতির জন্য আত্মঘাতী। বর্তমান করোনা পরিস্থিতিতে সিলেট শহরের মধ্যে অবস্থিত এমসির মাঠে পশুর হাট বসলে সংক্রমন ভয়াবহ মাত্রায় বেড়ে যাবে। পশুর হাটের যে আয়োজন থাকে,সেখানে কোন ভাবেই সমাজিক দুরত্ব রক্ষা করা কোন ভাবেই সম্ভব নয়। আবার বর্তমানে যে হারে শিক্ষাবাণিজ্যের প্রসার ঘটছে,তাতে এই হাট ভবিষ্যতে এমসি কলেজের মাঠ বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের জন্যে দুয়ার উন্মুক্ত করবে। ইতিমধ্যেই শাহী ঈদগাহে অবস্থিত সদর উপজেলার খেলার মাটি বানিজ্য মেলাসহ নানা বাণিজ্যিক কার্মকান্ডে সারা বছর ব্যস্ত রাখা হয়। এমতাবস্থায় পূর্বেও বিভিন্ন সময় বাণিজ্যিক ভিত্তিতে এমসি কলেজের মাঠ ব্যবহার করার তৎপরতা আমরা লক্ষ্য করেছি। এমসি কলেজ শিক্ষার্থীসহ সিলেট শহরের ছাত্র-যুবাদের খেলাধূলার একমাত্র স্থান এই মাট পশুর হাটসহ অন্যান্য কার্যক্রমে ব্যবহারের অনুমতি দিলে সিলেটে ছাত্র যুবকদের খেলাধূলার স্থান একেবারেই বন্ধ করে দেয়া হবে। যা সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে বিপর্যয় নিয়ে আসবে। আবার এই বৃষ্টির সময় এমসির মাটে পশুর হাট বসলে শত শত মানুষের উপস্থিতি,বৃষ্টি,হাটের বর্জ,হাট বসানোর জন্য করা অসংখ্য গর্ত ইত্যাদি মিলে গোটা মাটটি হালের জমিতে পরিণত হবে। আবার এতে মাটের পাশে অবস্থিত ছাত্র হোস্টেলটিও অরক্ষিত হয়ে পড়বে। এ সকল বিবেচনায় আমরা এমসি কলেজের খেলার মাটে পশুর হাট বন্ধ করার আহ্বান জানাচ্ছি।'