Sylhet Today 24 PRINT

তাহিরপুরে নৌকা ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি  |  ১৯ জুলাই, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকা ডুবে নিখোঁজ যুবক মো. তৌফিক মিয়ার (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

উদ্ধার হওয়া যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ছেলে ও নতুন বাজারের একজন চা বিক্রেতা।   

এর আগে শনিবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের পাটলাই নদীতে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নালেরবন্ধ গ্রামের সামছুল হকের ছেলে মাঝি সাজিলক বালিয়াঘাট নতুন বাজার থেকে ১৮ জন যাত্রী নিয়ে ছোট একটি কাঠের নৌকা দিয়ে খলিশাজুড়ি ও নালেরবন্ধ গ্রামের উদ্দ্যেশে রওনা করে। পাটলাই নদীর মধ্য স্থানে হঠাৎ ধমকা বাতাস আর ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবার পর সবার চিৎকার শুনে আশ পাশের গ্রামের বাসিন্দারা গিয়ে ১৭জন কে উদ্ধার করলেও তৌফিক মিয়া নিখোঁজ রয়েছিল। রাত ১১টা পর্যন্ত স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার কাজ চালালেও তাকে পায়নি। 

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, রাত ৯টার দিকে পাটলাই নদীতে একটি নৌকা ডুবে একজন নিখোঁজ হওয়ার সংবাদ শুনেছি। সকালে ডুবে যাওয়া স্থানেই লাশ ভেসে উঠলে এলাকায় লোকজন তাকে উদ্ধার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.