Sylhet Today 24 PRINT

সিলেটে স্কাই ম্যারাথনের প্রচারণায় মুসা ইব্রাহিম

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৫

সিলেটে মিনি স্কাই ম্যারাথনের প্রচারণায় বিভিন্ন ক্যাম্পাসে প্রচারণা চালিয়েছেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম। বৃহস্পতিবার শাবিপ্রবি ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি এ প্রচারণায় অংশ নেন। যুগান্তর স্বজন সমাবেশ সিলেটের সহযোগিতায় এবং এভারেস্ট একাডেমী ও এ ফর অ্যাডভেঞ্চার এর যৌথ আয়োজনে আগামী ৬ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি ম্যারাথনে অংশ নেয়ার জন্য শিক্ষার্থীসহ ক্রীড়া অনুরাগী সকলকে উদ্বুদ্ধ করেন তিনি।

ক্যাম্পাসগুলোতে আয়োজিত মতবিনিময় সভায় মুসা ইব্রাহিম বলেন, মুক্তিযোদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে এগিয়ে নিতে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন, সিলেটের একটি আলাদা ঐতিহ্য রয়েছে। এই পবিত্র মাটি থেকেই শুরু হয় বাংলাদেশের রাজনীতিসহ সকল গৌরবময় অর্জনের প্রচারণা। তাই আমার বিশ্বাস ম্যারথানের এই আয়োজনও সফল হবে। এসময় মুসা ইব্রাহিম শিক্ষার্থীদের এভারেস্ট জয়ের কাহিনী বর্ণনা করেন। শাবিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্পোর্টস সাস্টের সংগঠকসহ উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান শ্যামল, যুগান্তর সিলেট ব্যুরো চিফ রেজওয়ান আহমেদ ও যুগান্তর স্বজন সমাবেশ এর বিভাগীয় সমন্বয়কারী প্রভাষক প্রণবকান্তি দেব।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস, প্রফেসর সৈয়দ মুয়িজুর রহমান, প্রফেসর প্রধান মাহবুব ইবনে সিরাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ। এর আগে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটিতেও একইভাবে মিনি ম্যারাথনের প্রচারণায় অংশ নেন মুসা ইব্রাহিম। উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বরে এভারেস্ট একাডেমির আয়োজনে বান্দরবানে ‘দি স্কাই ম্যারাথন’ অনুষ্ঠিত হবে। এ ম্যারাথনের অংশগ্রহনকারী বাছাইয়ের জন্য দেশের বিভাগগুলোতে প্রচারণা হিসেবে আগামী ৬ নভেম্বর সিলেটে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে। সিলেটে হতে যাওয়া এ মিনি ম্যারাথনে সার্বিক সহযোগীতায় রয়েছে যুগান্তর স্বজন সমাবেশ সিলেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.