Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ডিলারের বিরুদ্ধে ১০ টাকা কেজি চাল আত্মসাতের অভিযোগ

বানিয়াচংয় প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০২০

হবিগঞ্জের বানিয়াচংয়ের এক আওয়ামী লীগ নেতার ভাই ও ডিলারের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তার নাম জুয়েল মিয়া। তিনি তিনি ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিমুল হক সোহেল এর ছোট ভাই।  

এদিকে হতদরিদ্রের ১০ টাকা মূল্যের চাল না দিয়ে আত্মসাৎ করেছেন বলে জেলা প্রশাসক ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের নিকট এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করেছেন উপজেলার কাগাপাশা ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত আকল মিয়ার পুত্র মো. আরজু মিয়া (ক্রমিক নং-৯০৮), আকল মিয়ার পুত্র বজলু মিয়া (ক্রমিক নং-৯০৭) ও ছানু মিয়ার পুত্র জাকির হোসেন (ক্রমিক নং-৮৯৯)।


অভিযোগ সূত্রে জানা যায়, ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিমুল হক সোহেল এর ছোট ভাই জুয়েল মিয়া ওই ইউনিয়নের ১০ টাকা কেজি চালের ডিলার। উপরে উল্লেখিত এই তিন জনের নামে কার্ড বরাদ্দ থাকলেও ডিলার তাদেরকে চাল না দিয়ে এই পরিমাণের চাল আত্মসাৎ করে আসছেন শুরু থেকেই। উপকারভোগীরা কার্ডসহ নামের তালিকা নিয়ে ডিলার জুয়েল মিয়ার কাছে গেলে তাদেরকে চাল না দিয়ে কার্ড রেখে তাড়িয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ফলে এই গরীব অসহায় মানুষেরা সরকারের ন্যায্য মূল্যের চাল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগকারী আরজু মিয়া জানান,তালিকায় আমাদের নাম রয়েছে তা আগে জানতাম না। কিছুদিন আগে খোঁজ নিয়ে জানতে পারলাম আমিসহ আরও কয়েকজনের নাম রয়েছে এই তালিকায়। ১০টাকা কেজি চাল বিতরণের শুরু থেকেই আমাদেরকে চাল দেয়া হয়নি।

বিজ্ঞাপন

তাহলে এই পরিমাণ চাল উক্ত ডিলার অন্যত্র বিক্রি অথবা নিজে আত্মসাৎ করেছেন বলে প্রতীয়মান হয়। এর প্রতিকার চেয়ে ন্যায় বিচার ও অধিকার পাওয়ার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছি। অভিযোগের কপি জেলা দুর্নীতি দমন কমিশনেও প্রেরণ করা হবে বলে জানিয়েছেন আরজু মিয়া।

তিনি আরও জানান,এটা নিয়ে কয়েকবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেলে বিষয়টা দেখবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত এটার কোনো সুরাহা করেননি। ৬নং কাগাপাশা ইউনিয়নের ১০টাকা কেজি চালের ডিলার জসিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,শুধুমাত্র মে মাসের চাল তারা পায়নি। বিগত দিনে তারা চাল পেয়েছে। তারপরও যদি তারা না পেয়ে থাকে তাদের কার্ড নিয়ে আসুক আমি দেখব বিষয়টা।

এই বিষয়ে বিস্তারিত জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সাথে কথা হলে তিনি সিলেটটুকে টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই রকম একটা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে । তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.