নিজস্ব প্রতিবেদক | ১৯ জুলাই, ২০২০
সাত দেশের তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে আগামী ২৩ জুয়াই থেকে শুরু হতে যাচ্ছে অনলাইনে মেলা। এসএজিডিএফ চায়না ক্যান্টন ফেয়ারের আদলে হতে যাওয়া এ মেলার উদ্বোধন রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত হয়।
সাউথ এশিয়ান গ্রাসরুটস্ ডেভেলপমেন্ট ফোরাম (এসএজিডিএফ) আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান তৃণমূল নারী উদ্যোক্তাদের আনন্দ টাওয়ারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মেলায় অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান।
মেলার উদ্বোধন করেন সিলেটের খাদিমনগর বিসিকের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন হিমাংশু মিত্র ও শাকেরা সুলতানা জান্নাত।
এসএজিডিএফ কেন্দ্রীয় সম্পাদক মোহাম্মদ ইয়াকুব জানান, তারা তাদের সংগঠনগুলোর নারী উদ্যোক্তাদের নিয়েই মূলত এই আয়োজন করেছেন। তাদের প্রথম আয়োজিত এই অনলাইন মেলায় অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়ার সাতটি দেশ।
বিজ্ঞাপন
মুম্বাই থেকে সংগঠনের উপদেষ্টা ড. মেঘা পানশালকার বলেন, ‘একটি আন্তর্জাতিক ওয়েবসাইটের মাধ্যমে এই মেলার আয়োজন করা হয়েছে। কোরবানি ঈদ উপলক্ষে ২৩-২৭ জুলাই মেলার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে।’
প্রসঙ্গত, মেলায় জামদানী, মনিপুরী, মসলিন, হ্যান্ডপেইন্টসহ নানারকম শাড়ি, গয়না, শুঁটকী, আচার, ফ্রোজেন খাবার, নিত্য প্রয়োজনীয় মসলা মিলবে। এছাড়া থাকবে সিলেটের চাপাতাসহ নানারকম ঘর সাজানোর জিনিস ও উপহার সামগ্রী।
এসএজিডিএফের সভাপতি ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সিইও জনাব হিমাংশু মিত্র বলেন, ‘এই GRAM মেলা তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের জন্য একটি সম্ভাবনার দুয়ার খুলে দিবে বলে আমরা আশা করি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এদের পাশে থেকে ঘুরে দাড়াতে সহযোগিতা করার। সবাইকে GRAM অনলাইন মেলায় এসে কেনাকাটার আহ্বান জানাচ্ছি।’