Sylhet Today 24 PRINT

জুড়ীতে বিজিবির হাতে আটককৃত গরু ইউপি চেয়ারম্যানের জিম্মায়

জুড়ী প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে গরু, ইয়াবা দেশে আনার প্রবণতা দিন দিন বেড়েই চলছে। প্রায় ১৫ দিনের মধ্যে মোট ৩৭ টি মহিষ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর কাস্টমস অফিসের মাধ্যমে তা নিলামে বিক্রি হয়।

এদিকে শনিবার বিকাল ৩টার দিকে এ রকম ভারতীয় গরু সন্দেহে উপজেলার সীমান্তবর্তী লাঠিটিল্লা, কচুর গুল এবং জামকান্দি সীমান্ত এলাকা থেকে ৭টি গরু আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ২২ ঘণ্টা আটক থাকার পর রোববার দুপুর ১ টার দিকে জুড়ী সদরের বিজিবি ক্যাম্প থেকে গরু গুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় ফেরত দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ সূত্রে জানা যায়, শনিবার স্থানীয় সূত্রে খবর পাওয়া যায় যে, অবৈধ কয়েকটা গরু এসব এলাকায় আছে। বিজিবি সদস্যরা সেখানে গিয়ে গরু গুলো এনে তাদের ক্যাম্পে আটক করে রাখেন।এরপর গরুর মালিক দাবিদার কয়েকজন এসে গরুগুলো তাদের বলে বিজিবির কাছে দাবি করেন।

বিজ্ঞাপন

পরে আজ রোববার দুপুর ১ টার দিকে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন এবং পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলামের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানের জিম্মায় গরুগুলোকে দেওয়া হয়।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ জুড়ী ক্যাম্পের সুবেদার আব্দুল মন্নান জানান, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান এবং সাবেক ভাইস চেয়ারম্যান এসে গরুগুলোর মালিকানা শনাক্ত করায় তাদের জিম্মায় গরুগুলোকে দিয়েছি। গরুগুলো বিক্রির কোন কাগজ পত্র না থাকার কারণে আমরা আটক করেছিলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.