Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

গোলাপগঞ্জ সংবাদদাতা  |  ১৫ অক্টোবর, ২০১৫

অনেকবার সংস্কার করার প্রতিশ্রুতি দেয়ার পরও সংস্কারে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না দেখে গোলাপগঞ্জ পৌর কর্তৃপক্ষের অপেক্ষায় না থেকে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় অর্ধ কিলোমিটার সড়ক মেরামত করে চলাচলের উপযুক্ত করেছে পৌরসভার ৪নং ওয়ার্ডের নিজগঞ্জ ও সরস্বতী বড়বাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা।

বছরের পর বছর পৌর কর্তৃপক্ষকে সড়ক মেরামতের অনুরোধ জানিয়েও কোন ফল না পাওয়ায় এলাকাবাসী মিলে মিশে কেউ টাকা দিয়ে, কেউ স্বেচ্ছাশ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রমে এই মেরামত কাজ করেন। স্থানীয় হাজী জোয়াইদ আলী জামেয়া ইসলামিয়া বানাত মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল শাহ ওলিউর রহমান জানান, টানা বৃষ্টিপাতে সড়ক ডুবে গিয়ে চলাচল করতে না পারায় মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শূন্যের কোটায় নেমে এসেছিল। এলাকাবাসী সড়ক মেরামতের ফলে আবারো মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে।

 প্রথম শ্রেণীর মর্যাদাসম্পন্ন গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বিভিন্ন সড়কের ন্যায় গোলাপগঞ্জ বাজার বাইপাস সড়ক নামে পরিচিতি পাওয়া ( সরস্বতী-নিজগঞ্জ-বড়বাড়ি-দাড়ীপাতন
পশ্চিমপাড়া) প্রায় র্অধকিলোমিটার সড়কটি দীর্ঘ ১২ বছর থেকে মেরামতের অভাবে শতাধিক গর্ত তৈরি  হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। এই সড়কের আশে পাশে কোন ড্রেন না থাকায় দিনের পর দিন পানি জমে জলাবদ্ধতায় সড়ক ডুবে ভোগান্তির মাত্রা ছিল সহ্যের অতীত।

এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১ হাজার লোক চলাচল করেন। গোলাপগঞ্জ হাজী জছির আলী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, হাজী জোয়াইদ আলী জামেয়া ইসলামিয়া বানাত মহিলা মাদ্রাসা, সরস্বতী মহিলা মাদ্রাসা, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়, বেলাশাহ মোকাম মসজিদ. দাড়ীপাতন পশ্চিমপাড়া জামে মসজিদ, সরস্বতী নিজগঞ্জ জামে মসজিদের মুসল্লী সহ শতাধিক শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করেন।

এলাকাবাসীর পক্ষে স্থানীয় কাউন্সিলর গোলাম মোস্তফা মূসা ও পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলুকে দফায় দফায় রাস্তাটি মেরামত ও ড্রেন নির্মাণের অনুরোধ জানানোর পরও বরাদ্ধ আসলে কাজ হবার প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ ছিল তা। পৌরকর্তৃপক্ষ কর্তৃক এই সড়ক মেরামতের আর কোন লক্ষণ নেই বুজতে পেরে স্থানীয় বাসিন্দারা সড়কটি মেরামতের উদ্যোগ নেন। গত ১৮ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত এই মেরামত কাজ চলে।

কাজ চলাকালীন সময়ে সরেজমিন পরিদর্শনে গেলে এলাকাবাসীর পক্ষে আজাদ আহমদ ও ইকবাল আহমদ জানান, ১২ বছর থেকে অপেক্ষায় ছিলাম এবার নিজেরাই নিজেদের সড়ক মেরামত করেছি।

এই ওয়ার্ডের বাসিন্দা ও পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নগর সমন্বয় কমিটির সদস্য(টিএলসিসি) সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী জানান, "প্রায় ১০-১৫ টি টিএলসিসি সমন্বয় সভায় এই সড়ক মেরামত ও ড্রেন নির্মাণ করার প্রস্তাব পেশ করা হলে উপস্থিত সকল সদস্যই তা সর্মথন করেন। পরবর্তীতে তা বাস্তবরূপ পায়না অদৃশ্য কারণে, তাই এসব ক্ষোভ থেকে আর টিএলসিসি সভায় যাইনা। আমি (মাহবুব) পৌরপ্রকৌশলীকে অতীতে কয়েকবার জিজ্ঞাসা করলে তিনি বলেন মেয়র প্রকল্প থেকে ৪নং ওয়ার্ডের ব্যাপারটি কেটে দেন আমার কিছু করার নেই।"

যোগাযোগ করা হলে পৌরসভার প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জি জানান, সড়কটির আশেপাশে বাসা-বাড়ী নির্মাণের ফলে রাস্তাটি নীচু হয়ে পানি জমে যায়। এই সড়কের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হলেও অনুমোদন না হওয়ায় কাজ করা যাচ্ছেনা।

 পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতিকারীর কারণে কাজ করা সম্ভব হচ্ছেনা। এই সড়কে কাজ করতে ১ কোটি টাকার প্রয়োজন বরাদ্ধ আসলে কাজ শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.