বড়লেখা প্রতিনিধি | ১৫ অক্টোবর, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের জিআর-১১২/১৪ মামলার রায়ে গাজা ব্যবসায়ী আসলাম উদ্দিনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেছেন। সাজাপ্রাপ্ত আসামী ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার দুগাছি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে বড়লেখায় অবস্থান করে মদ, গাজার ব্যবসা করতো।
আদালত সুত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী আসলাম উদ্দিনকে বড়লেখা থানার এসআই রজব আলী গত বছরের ১৭ জুন ৪শ’ গ্রাম গাজাসহ পৌরশহর থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। বৃহস্পতিবার বড়লেখা বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেট মো: হাসান জামান আসামীর বিরুদ্ধে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন। অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের জেলের রায় ঘোষণা করেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী এপিপি অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত রায় ঘোষণার সত্যতা স্বীকার করে জানান সাজাপ্রাপ্ত আসামী আসলাম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।