Sylhet Today 24 PRINT

প্রণোদনা পাইয়ে দিতে উৎকোচ আদায়ের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বানিয়াচং প্রতিনিধি  |  ২০ জুলাই, ২০২০

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার আড়াই হাজার টাকা পাইয়ে দেয়ার জন্য হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী ইউপি চেয়ারম্যান ৫০০ টাকা করে উৎকোচ নিয়েছেন বলে লিখিত অভিযোগ করেছেন এলাকার ভুক্তভোগীরা।

রোববার (১৯ জুলাই) বিকেলে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার কাছে বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীরা। 

অভিযোগকারীরা হলেন- ওই ইউনিয়নের তোতা মিয়া, কামাল মিয়া, ইলিয়াস মিয়া, সোয়াই মিয়া, আশিক মিয়া, আবিদুর রহমান, আঙ্গুরা খাতুন, আজিজুল মিয়া, আয়াত আলী, শাহেদ, আবুল কালাম, আবদাল মিয়া, কাজল মিয়া, জহুর বানু।

লিখিত অভিযোগে জানা যায়, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ভাতার তালিকায় তাদের নাম তালিকাভুক্ত করেন শেখ সামছুল হক। ইদানিং তালিকায় ভুল হয়েছে জানিয়ে তাদেরকে অফিসে যেতে বলেন চেয়ারম্যান। একপর্যায়ে ভুক্তভোগীরা সেখানে গেলে তাদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করেন তিনি। এ সময় যারা ভুল সংশোধনীর জন্য টাকা দিবে না, তাদের নাম তালিকা থেকে বাদ দেয়ারও হুমকি দেন ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যে যতো বড় প্রভাবশালীই হোক কাউকে ছাড় দেয়া হবেনা। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হকের সাথে কথা হলে তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটা সম্পূর্ণ সাজানো। আমার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষরা গ্রামের সহজ-সরল মানুষদের ভুল বুঝিয়ে এমনটা করিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.