নিজস্ব প্রতিবেদক | ১৫ অক্টোবর, ২০১৫
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রতিবন্ধীরা ইতোমধ্যে প্রমাণ করেছেন, তাদের যোগ্যতা কোন অংশে কম নয়। তাদেরকে সুযোগ দিলে দেশ ও জাতির কল্যাণে অন্যদের মতোই ভূমিকা রাখতে পারেন।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জেলা কমিটি এবং জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠন সমূহ যৌথভাবে এর আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সম্পর্কে মানুষের চিন্তা-ভাবনার অনেক পরিবর্তন হয়েছে। এখন আর কেউ প্রতিবন্ধীদেরকে বোঝা মনে করেনা। প্রতিবন্ধীরা দেশ ও জাতির জন্যে অনেক সুনাম বয়ে নিয়ে এসেছেন।
তারা প্রতিবন্ধীদের সম্পর্কে আরো ইতিবাচক কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের প্রয়োজন রয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার নূরুল ইসলাম, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ ও গ্রিন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের সভাপতি রজব আলী খান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ইব্রাহিম আল মামুন মোল্লা।
সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা নিবাস রঞ্জন দাস আলোচনা সভা পরিচালনা করেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।