সুনামগঞ্জ প্রতিনিধি | ২০ জুলাই, ২০২০
বাংলাদেশসহ সারা বিশ্বকে ভিন্ন পরিস্থিতির দিকে নিয়ে গেছে এক অজানা জীবাণু করোনাভাইরাস। করোনা বিষয়ে সঠিক তথ্য মানুষের কাছে তুলে দরার জন্য বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) “সাংবাদিকদের জন্য কোভিড-১৯ বিষয়ক” অনলাইন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।
সোমবার (২০ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী সুনামগঞ্জ জেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অনলাইন প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করেন।
এই অনলাইন প্রশিক্ষণ কোর্সটি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর সহযোগিতায় ব্রেকথ্রু অ্যাকশন প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছে।
প্রশিক্ষণটির উদ্দেশ্যে হচ্ছে সকল সাংবাদিকদের কোভিড-১৯ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়া যাতে তারা এই মহামারি কীভাবে সামাল দিবেন এবং এই পরিস্থিতি মোকাবেলায় কীভাবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবেন সে সম্পর্কে একটা সম্যক ধারণা দেয়া। এছাড়া কোভিড-১৯ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য তুলে ধরার ব্যাপারেও সাংবাদিকরা যাতে বিশেষ ভূমিকা রাখতে পারেন।
বিজ্ঞাপন
প্রশিক্ষণ কোর্সটি সামগ্রিক সমন্বয় করছেন পাবলিক হেলথ এন্ড ইনফরম্যাটিক্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সহযোগী অধ্যাপক ডা. মোঃ খালেকুজ্জামান, এসবিসিসি এডভাইজার, জন্স হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ডা. ফয়সাল মাহমুদ, একই প্রতিষ্ঠানের আউটরীচ ম্যানেজার এএফএম ইকবাল ও প্রজেক্ট ম্যানেজার শরীফ হোসেন সাইমুম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর মহাসচিব খায়রুজ্জামান কামাল। এছাড়া সার্বিকভাবে সরাসরি কোর্সটি পরিচালনা করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর কমিউনিকেশন কর্মকর্তা সৈয়দ সফি এবং শাপলা রহমান।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জুলাই-সেপ্টেম্বর মাস পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এই ৮ বিভাগের ২০ জেলায় ৫০০ জন সাংবাদিককে প্রশিক্ষণের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করছে। এর আগে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ও সিলেট বিভাগে এক জেলায় কোর্স সম্পন্ন হয়।
প্রথম পর্যায়ে ৫০০ জন সাংবাদিককে এই প্রশিক্ষণ দেয়া হলেও পরবর্তীতে আরও সাংবাদিকদের এই প্রশিক্ষণ দেয়া হবে। এ বিষয়ে আগ্রহীরা bmsfcorona2020@gmail.com মেল ঠিকানা যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন সংশ্লিষ্টরা।