Sylhet Today 24 PRINT

এসআইইউ’র দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০২০

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানবন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও কর্মকর্তারা। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির ও সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমানের বিরুদ্ধের এই মামলাটি দায়ের করেন ফাতেমা আক্তার নামের এক নারী। যিনি মদন মোহন কলেজের শিক্ষক মঞ্জুর হোসেনের স্ত্রী। মঞ্জুর হোসেনসহ কয়েকজনের সাথে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মালিকানাসংক্রান্ত বিরোধ রয়েছে।


বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ মনির উদ্দিন এর সভাপতিত্বে আইন বিভাগের সেকশন অফিসার সৈয়দ জয়নাল আবেদীন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদ উল্লাহ তালুকদার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ব্যবহার করে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুর আপন বোনের জামাতা সিলেটের জামাতের রোকন সদস্য এবং  বিভিন্ন নাশকতা ও জালিয়াতি মামলা চার্জশীটভুক্ত পলাতক আসামী মঞ্জুর হোসেন তার স্ত্রী’কে দিয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত দুইজন শিক্ষকের বিরুদ্ধে গত ১৯ জুলাই সিলেটের কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহার করে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে ঘাপটি মেরে বসে থাকা প্রটোকল অফিসার ও জালিয়াতির মামলার চার্জশীট ভুক্ত আসামী আবু জাফর রাজুর প্রত্যাহার ও অপসারনের দাবী জানান।

তিনি বলেন, এই চক্র ইতোপূর্বে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দখল করার প্রয়াসে ষড়যন্ত্রমূলক বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের  বিরুদ্ধে সিলেট কোতোয়ালী মডেল থানায় জালিয়াতির মাধ্যমে ট্রাস্ট দলিল সৃজন ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামিয় ১২টি এফডিআর এর মূল রশিদ চুরির অভিযোগে ইতোপূর্বে দুইটি ফৌজদারীর মামলা  দায়ের করার প্রেক্ষিতে তদন্ত পূর্বক মঞ্জুর হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জশীট তৈরী পূর্বক পুলিশ আদালতে দাখিল করেছে এবং আদালত কর্তৃক গৃহীত হয়েছে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্টার নসরত আফজা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মোঃ তারেক উদ্দিন তাজ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.