Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২০ জুলাই, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক, মৌলভীবাজারের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার পুলিশ ফোর্সের সহযোগিতায় সোমবার (২০ জুলাই) কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজার এবং মৌলভীবাজার সদর উপজেলার বনশ্রী এলাকা, ওয়াপদা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, উক্ত তদারকি অভিযানে অস্বাস্থ্যকরভাবে খোলা অবস্থায় রাস্তার পাশে খাদ্য পণ্য রেখে বিক্রয় করা, বিস্ফোরক আইনের শর্ত লঙ্ঘন করে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে বাসা বাড়ির গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সদর উপজেলার বনশ্রী এলাকায় অবস্থিত সুমাইয়া ষ্টোরকে ৫ শত টাকা, ওয়াপদা রোডে অবস্থিত নিউ জারা ষ্টোরকে ৫ শত টাকা, কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারে অবস্থিত দেলোয়ারের হোটেলকে ৪ হাজার টাকা, আল্লার দান মায়ের দোয়া ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.