নিজস্ব প্রতিবেদক | ১৫ অক্টোবর, ২০১৫
সকলের দৃঢ় প্রচেষ্ঠায় শিশু রাজন হত্যা মামলার প্রধান অভিযুক্ত কামরুল ইসলামকে ফেরানো সহজ হয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান।
বৃহস্পতিবার রাত ১০ টায় কামরুলকে নিয়ে সিলেট পৌছে পুলিশ। এরপর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের পর কামরুলকে ফিরিয়ে আনতে সৌদি আরব যাওয়া সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমতউল্লাহ সৌদি পুলিশের বরাত দিয়ে বলেন, প্রবাসী বাঙালিদের চাপের কারনেই কামরুলকে ফোরানো সহজ হয়েছে। রহমতউল্লাহ বলেন, সৌদি পুলিশের ইন্টারপোল শাখার প্রধান মেজর আল জাজিবা বলেছেন, সৌদিতে বসবাসকারী ১৬ লাখ বাঙালির দাবি কামরুলকে যেনো দেশে িরিয়ে দেওয়া হয়। তাই তারা কামরুলকে ফিরিয়ে দিচ্ছেন।
রহমতউল্লাহসহ ৩ পুলিশ কর্মকর্তা ১১ অক্টোবর কামরুলকে ফিরিয়ে আনতে সৌদি আরব যান। আজ (বৃহস্পতিবার) বিকেলে তারা কামরুলকে নিয়ে ঢাকায় পৌছেন। এরপর সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন।
৮ জুলাই শিশু সামিউল আলম রাজনকে হত্যার পরপরই সৌদি আরব পালিয়ে গিয়েছিলো কামরুল ইসলাম।
সংবাদ সম্মলনে পুলিশ কমিশনার কামরুল আহসান বলেন, এই হত্যা মামলাটি একটি চাঞ্চল্যকর মামলা। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে মামলার চার্জশীট দিয়েছে। বিচার কাজও দ্রুত এগিয়ে চলছে।
২৪ ঘন্টার মধ্যে কামরুলকে আদালতে তোলা হবে বলে জানান কমিশনার।
এই মামলায় পলাতক থাকা অপর দুই আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
রাজন হত্যা মামলায় ১৩ আসামীর মধ্যে কামরুলসহ ১১ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
সংবাদ সম্মলনে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন, উপ কমিশনার রেজাউল করিম উপস্থিত ছিলেন।