নিজস্ব প্রতিবেদক | ২০ জুলাই, ২০২০
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুক্তিযোদ্ধা সৈনিক (অবঃ) আব্দুর রশিদকে বসতবাড়ি নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের বসতবাড়ি উপহার দেওয়া হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার চুনারুঘাট উপজেলার মুক্তিযোদ্ধা সৈনিক (অবঃ) আব্দুর রশিদের হাতে বসতবাড়ির চাবি হস্তান্তর করেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মেহেদী-আল-মাহমুদ।
এসময় তিনি বলেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশে ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর, সিলেট এরিয়ার পরিকল্পনায় এবং ৩৬০ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকীর তত্বাবধানে প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের বীর সেনানীদের বসতবাড়ি নির্মান করে দিয়ে ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গর্বিত।
এসময় তিনি আরও বলেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকে দেশব্যাপী গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মুক্তিযুদ্ধের তাদের অমূল্য অবদান সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে বাংলাদেশ সেনাবাহিনী।