Sylhet Today 24 PRINT

বর্তমান সরকার অসহায় মানুষের সরকার : পরিবেশমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি  |  ২১ জুলাই, ২০২০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘বর্তমান সরকার সমাজের অসহায় মানুষকে আর্থিকভাবে সহায়তা করার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি করছে। বর্তমান সরকার দুস্থ, বয়স্ক, বিধবা, অসচ্ছল, প্রতিবন্ধী ও জটিল রোগে আক্রান্ত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।’

সোমবার (২০ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি ঢাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে বক্তব্য দেন।

পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড ও মানুষের জীবন–জীবিকা বিপর্যস্ত। কিন্তু প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপের কারণে এই মহামারিকালেও মানুষ অন্নের অভাবে নেই। মানুষ যাতে না খেয়ে কষ্ট না পায়, সরকার সে বিষয়ে সম্ভাব্য সবকিছু করছে। করোনাভাইরাসের কারণে উন্নয়নমূলক কাজ সাময়িক স্থগিত থাকলেও অচিরেই তা পুরোদমে শুরু হবে।’ সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের মধ্যে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমেদ খান। এতে ইউপি সদস্য বদরুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, জ্যেষ্ঠ সহসভাপতি রফিক উদ্দিন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ৩৫৯ জনের মধ্যে ভাতার বই বিতরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.