ছাতক প্রতিনিধি | ২১ জুলাই, ২০২০
সুনামগঞ্জের ছাতকে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুর দুই ছেলে মাহফুজুর রহমান বাবলু ও মোস্তাফিজুর রহমান লাবলু।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে শহরের তাতিকোনা এলাকার নিজ বাসা থেকে তাদের আটক করে সুনামগঞ্জ র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এএসপি আব্দুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা দুই সহোদরকে আটক করেন। প্রাইভেটগাড়ী চালক ছাবুল মিয়ার উপর হামলা ও মারপিটের ঘটনায় ছাতক থানায় দায়ের করা একটি মামলায় তাদের আটক করা হয়। ১৬ জুলাই সকালে তাতিকোনা এলাকার বাসিন্দা ছাবুল মিয়া তার গাড়ির মালিক শাহ আলমের বাসার গেরেজ থেকে গাড়ি বের করার সময় প্রতিপক্ষরা রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ছাবুল মিয়াকে গুরুতর আহত করেন। এ ঘটনায় আহত ছাবুল মিয়ার পিতা শুকুর আলী সুদুর বাদী হয়ে আব্দুল ওয়াহিদ মজনুসহ ১২ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় মাহফুজুর রহমান বাবলুকে করা হয় প্রধান আসামি এবং এজাহারভুক্ত ৫নং আসামী হলেন মোস্তাফিজুর রহমান লাবলু।
র্যাব-৯ এর এসএসপি আব্দুল্লাহ জানান, ছাতক থানার মামলা নং-১৯ এ ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।