Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪, দুজনের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক  |  ২২ জুলাই, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের দুই জন ঘটনার সাথে জড়িত থাকার কথা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাও মাঝ পাড়ার ধনাই মিয়ার ছেলে আব্দুল হক (৩৫), একই গ্রামের শফিক উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৫),দলইরগাঁওয়ের মৃত দুদু মিয়ার ছেলে আব্দুল কাদির (৫৩) ও একই  গ্রামের  মৃত খোরশেদ  আলীর ছেলে কাঁচা মিয়া (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত দেড়টায় কোম্পানীগঞ্জের দলইরগাঁও এর  পুরানবাজারে পরেশ হালদারের দোতলা বাড়ীতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতের একটি দল হানা দেয়। ডাকাত দল পরেশ হালদারের বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ লাখ টাকা, ১ লাখ  ৫৭হাজার টাকার সোনা ও ২টি মোবাইল ফোন লুট করে নেয়। পরবর্তীতে বাড়ীর লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

বিষয়টি কোম্পানীগঞ্জ থানার ওসি এম নজরুলকে জানানো হলে তিনি সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে এবং এলাকাবাসির সহায়তায় রাতভর অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশ এ ৪ জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় ভিকটিম পরেশ হালদার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের  করেন। মামলা নং-১২, তারিখ-২০/০৭/২০২০।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আসামী আব্দুল হক ও দেলোয়ার ডাকাতির ঘটনায় নিজেদের জড়িত মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন,  জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং জনগনের জান মালের নিরাপত্তায় সর্বোত্তম সেবা প্রদানে জেলা পুলিশ বদ্ধপরিকর। কোম্পানীগঞ্জের ডাকাতির ঘটনায় পুলিশ দ্রুত সময়ে চার জনকে গ্রেফতার করেছে। দুইজন আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। সহযোগী আসামীদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.