নিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই, ২০২০
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আর ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
এর মধ্যে সিলেট জেলায় ৫১, সুনামগঞ্জ ৫ জন, হবিগঞ্জ ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫জন চিকিৎসকও রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে আজ কতোটি নমুনা পরীক্ষা হয়েছিলো তা নিশ্চিত করে জানাতে পারেননি হিমাংশু।
সিলেট জেলার শনাক্তদের মধ্যে ২৯ জন সিটি করপোরেশন ও সদর উপজেলার, কানাইঘাট উপজেলায় ৬ জন, জকিগঞ্জে ৪ জন, বিশ্বনাথে ৪ জন, বালাগঞ্জে ৩ জন, বিয়ানীবাজারে ২ জন, জৈন্তাপুর ২ জন, গোয়াইনঘাট, গোলাপগঞ্জে একজন করে রয়েছেন।
নতুন ৭৫ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭১২১ জনের। এর মধ্যে সিলেটে ৩ হাজার ৭৬৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৪৯ জন, হবিগঞ্জে ১ হাজার ১০৩ জনে এবং মৌলভীবাজারে ৯০৪ জন শনাক্ত হয়েছেন।।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলার ১০ জন।