Sylhet Today 24 PRINT

ছাতকে নদীতে চাঁদাবাজির অভিযোগে আটককৃত যুবক মুচলেকায় মুক্ত

ছাতক প্রতিনিধি |  ২২ জুলাই, ২০২০

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে চাঁদাবাজির অভিযোগে সোহাগ আহমদ (৩০) নামের এক যুবককে আটক করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে শহর এলাকা থেকে ছাতক থানার এসআই শামীম আকঞ্জী তাকে আটক করেন।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে থানায় মুচলেকা দিয়ে মুক্ত হয় সে। সোহাগ শহরের কাষ্টমস রোড এলাকার মাসুক মিয়ার পুত্র।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, সুরমা নদীর লক্ষীবাউর এলাকায় বাংলাদেশ নৌ-ফেডারেশনের নামে নদীতে চলাচলরত বাল্কহেড, কার্গোসহ নৌ-যান থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে কতিপয় যুবক। প্রতি নৌকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত আদায় করে যাচ্ছে তারা। চাহিদা মতো চাঁদা না দিলে নৌ-যান শ্রমিকদের মারধরও করে থাকে চাঁদাবাজরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার চাঁদাবাজি করার সময় লক্ষীবাউর এলাকার আসক আলীর পুত্র আব্দুল জলিলকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় সে সোহাগের হয়ে দিনমজুর হিসেবে নদীতে চাঁদা আদায়ের কাজ করে বলে জানায়।

এরই সূত্র ধরে সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল বলে জানা গেছে। ছাতক থানার এসআই শামীম আকঞ্জী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করে থানায় আনা হয়েছিল। পরে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.