Sylhet Today 24 PRINT

সিলেটে ৫ লক্ষাধিক টাকার নাসির বিড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুলাই, ২০২০

সিলেটে অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি জব্দ করেছে গোয়েন্দো পুলিশের (ডিবি) একটি দল। আজ শুক্রবার ভোর ৫টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারি নদী সংলগ্ন টিকর নয়াখালস্থ এলাকায় এ অভিযান চালানো হয়।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযানে দুই লাখ ৫২ হাজার শলাকা নাসির বিড়ি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, চোরাচালানের সাথে জড়িত জৈন্তাপুর উপজেলার লামা শ্যামপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে হান্না পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। জব্দকৃত নাসির বিড়ির বাজারমূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ‘সীমান্ত পথে চোরাচালান বন্ধ করতে পুলিশ সুপার মহোদয় কঠোর নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনায় চোরাচালান বন্ধে ডিবি ও থানা পুলিশ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিড়ি জব্দ করা হয়েছে।’

তিনি জানান, নিষিদ্ধ বিড়ি আমদানিতে যারা জড়িত, তাদেরকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.