Sylhet Today 24 PRINT

লাক্কাতুরায় স্কুল মাঠে পশুর হাট বসানোর প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুলাই, ২০২০

সিলেটের লাক্কাতুরা এলাকায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কোরবানির পশুর হাট বসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট। রোববার (২৬ জুলাই) দুপুরে লাক্কাতুরা এলাকায় এই মানববন্ধন থেকে স্কুল মাঠ থেকে হাট সরানোর দাবি জানানো হয়।

সিলেট সদর উপজেলায় একাধিক উন্মুক্ত স্থান থাকা সত্ত্বেও লাক্কাতুরা চা-বাগানের স্কুল আঙিনায় পশুর অস্থায়ী হাট কেন?-এমন প্রশ্ন তুলে মানবন্ধনে বক্তারা মুজিব বর্ষে রোপন করা বৃক্ষ রক্ষায় হাট সরানোর দাবী জানান।

লাক্কাতুরা চা বাগানের মূল ফটকের সম্মুখে বেলা ২ ঘটিকায় শুরু করা এই কর্মসুচীতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সামাজিক দূরত্ব রেখে অংশগ্রহণ করেন।

বাপা সিলেটের সাধারন সম্পাদক আব্দুল করিম কিম মূল বক্তব্যে বলেন, "একদিকে গাছ লাগানোর কথা বলবেন প্রধানমন্ত্রী, অন্যদিকে যত্নে লাগানো গাছ বিনষ্ট করার পায়তারা করবে স্থানীয় প্রশাসন। সরকারকে আগে ঠিক করতে হবে স্কুল মাঠে শিক্ষার্থীদের দিয়ে গাছ লাগানোর শিক্ষা দেয়া হবে ? না, স্কুল মাঠ গরু-ছাগলের হাটে পরিনত করা হবে?"

স্কুল চত্বরে গত বছর বৃক্ষভিক্ষা করে সংগ্রহ করা গাছের চারা লাগানো ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির বলেন, আমাদের ভিক্ষার বৃক্ষ ও মুজিব বর্ষ উপলক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের লাগানো এই গাছ বিনষ্টের জন্য যারা এ স্থানে হাটের ইজারা দিয়েছেন তাঁরা প্রকৃতি ও পরিবেশ বোঝেন না। এদের কাছে টাকাই সব।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েসন (ইমজা)'র ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন মন্জু, বাপা সিলেটের যুগ্ম সম্পাদক ছামির মাহমুদ, সেইভ দ্যা হেরিটেইজ এন্ড এনভায়রনমেন্ট সিলেট-এর আহ্বায়ক আব্দুল হাই আল হাদি, সুরমা রিভার ওয়াটারকিপার-এর মুজাহিদ হোসেন মুনিম প্রমুখ।

উল্লেখ্য লাক্কাতুরা উচ্চ বিদ্যালয় ও লাক্কাতুরা চা বাগান কর্তৃপক্ষ্যের আনুষ্ঠানিক আপত্তি সত্বেয় লাক্কাতুরা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে হাটের ইজারা দেয় সিলেট সদর উপজেলা প্রশাসন। যা পরিবেশবাদী সহ বিভিন্ন মহলে ক্ষোভের উদ্রেক করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.