Sylhet Today 24 PRINT

অবৈধ অনুপ্রবেশ বন্ধে কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির ত্রাণ বিতরণ

সিলেটটুডে ডেস্ক  |  ২৬ জুলাই, ২০২০

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক অবৈধ সীমান্ত পারাপার এবং সীমান্ত হত্যা বন্ধে সিলেট জেলার সীমান্তর্তী কোম্পানীগঞ্জ উপজেলাধীন কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, গরীব, হতদরিদ্র ১৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিজিবি।

আজ রোববার সকাল থেকে অসহায় পরিবারকে এ সব খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর  অধিনায়ক লে: কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকান্ড হ্রাস পাওয়ায় সীমান্ত এলাকার জনসাধারণ এখন কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। তাদের উপার্জন কমে যাওয়ায় অবৈধভাবে এবং অসৎ উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে গমনাগমনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে সীমান্তে অনাকাঙ্খিত ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এ সকল অবৈধ সীমান্ত পারাপার এবং সীমান্ত হত্যা বন্ধে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়নের অধীনস্থ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দুস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এই ত্রাণ বিতরণ সীমান্তের অন্যান্য ঝুঁকিপূর্ণ উপজেলাসমূহ যেখানে সীমান্ত অবৈধভাবে পারাপার হয়ে থাকে বিশেষ করে কোম্পানীগঞ্জ এবং গোয়ইনঘাট এলাকায় প্রদান করা হবে পর্যায়ক্রমে।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ৩ কেজি আটা, ১.৫ কেজি ডাল, বিতরণ করা হয়। এসব খাদ্য সহায়তা বিতরণ করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক, লে: কর্ণেল আহমেদ ইউসুফ জামিল। এসময় কোম্পানী/বিওপি কমান্ডার, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত দুই মাসে সিলেট সীমান্তে ভারতীয় খাশিয়াদের গুলিতে অন্তত ৫ বাংলাদেশী নিহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.