Sylhet Today 24 PRINT

সিলেটে অবৈধ পলিথিন কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ জুলাই, ২০২০

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া পীরেরবাজার চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ পলিথিন কারখানায় ২ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে পলিথিন উৎপাদনের কারখানাটিতে সিলগালা করে দেয়া হয়।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে র‍্যাব-৯ ও  পরিবেশ অধিদপ্তর এই অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, অভিযানে এবিসি প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামের ওই প্রতিষ্ঠানের আড়ালে অবৈধভাবে পলিথিন তৈরির প্রমাণ পাওয়া গেছে। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে পলিথিন উৎপাদনে ব্যবহৃত প্রায় ১০ টন কাঁচামাল, এক টন পলিথিনের রুল এবং দেড় টন পলিথিনসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়। অবৈধভাবে পলিথিন উৎপাদনের কারণে কারখানাটিতে সিলগালা করে দেয়া হয়।

অভিযানকালে র‍্যাব-৯ এর সহকারি পুলিশ সুপার ওবাইন, পরিবেশ অধিদপ্তর, সিলেটের সহকারি পরিচালক মো. আলমগীর উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.