Sylhet Today 24 PRINT

চালিবন্দরে অবৈধ পশুর হাট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ জুলাই, ২০২০

সিলেট নগরীর চালিবন্দরে অবৈধভাবে বসানো একটি পশুর হাট উচ্ছেদ করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে চালিবন্দর এলাকায় বসানো ওই পশুর হাট ভেঙে দেয় কোতয়ালী থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা।

অভিযানকালে অবৈধ হাটে আসা শত শত কোরবানির পশু পুলিশের চাপে সরিয়ে নিয়ে যান ব্যবসায়ীরা। আবার যেন কেউ এখানে অবৈধ হাট না বসান সে ব্যাপারে মাইকিং করে কড়া নির্দেশ দেন ওসি সেলিম মিঞা।

অভিযানকালে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসএমপির কোতয়ালী থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র, থানার সেকেন্ড অফিসার খোকন দাস, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান উদ্দিন, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল চন্দ্র দে, এসআই কামরুল হুদা নাঈম, এএসআই সাজ্জাদ।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বলেন, গতকাল দুপুরে আমি নিজে গিয়ে চালিবন্দরের অবৈধ হাটে আসা ব্যবসায়ীদের চলে যেতে অনুরোধ করি। তারপর সন্ধ্যায় থানার একাধিক দল পাঠানো হয় তাদের তুলে দিতে। রাতে এসেও তাদের এ হাটে না বসার অনুরোধ করা হয়। এরই মধ্যে অনেকেই চলে যায়। রাতের মধ্যে বাকীদের কোরবানির পশু নিয়ে বৈধ হাটে চলে যেতে বলা হয়।

নগরীর কোথাও এবার অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.