Sylhet Today 24 PRINT

জাতীয় শোক দিবসে শিল্পকলা একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ জুলাই, ২০২০

ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সিলেট জেলার আগ্রহী প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞতিতে এ কথা জানানো হয়।

প্রতিযোগিতাটি মোট ৩টি বিভাগে অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ‘ক’ বিভাগ: কেজি থেকে ৩য় শ্রেণি, বিষয়: “আমার বঙ্গবন্ধু”; ‘খ’ বিভাগ: ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, বিষয়: “আমিই মুজিব”; ‘গ’ বিভাগ: ৭ম থেকে দশম শ্রেণি, বিষয়: “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা”। প্রতিযোগিরা ১৬ বাই ১১ ইঞ্চি সাইজের কাগজে যেকোন মাধ্যমে ছবি অঙ্কন করতে পারবে।

উল্লেখ্য, জেলা পর্যায়ে অংশগ্রহণকারীদের অঙ্কিত চিত্রকর্মসমূহ ঢাকায় প্রেরণ করা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক সারাদেশ থেকে প্রাপ্ত অঙ্কিত চিত্রকর্মসমূহ নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এছাড়াও জেলা পর্যায়ে প্রতি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জেলা শিল্পকলা একাডেমি সিলেট কর্তৃক পুরস্কৃত করা হবে। অঙ্কিত ছবির পিছনে শিল্পীর নাম, বিভাগ, শ্রেণি, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা বাসা থেকে ছবি এঁকে অঙ্কিত চিত্রকর্মটি আগামী ১০ আগস্ট সোমবার বিকেল ৪টার মধ্যে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে স্বাস্থ্যবিধি মেনে জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।



                                                                                                                  



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.