নিজস্ব প্রতিবেদক | ৩০ জুলাই, ২০২০
সিলেট নগরীর মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের মাঠ প্রস্তুত করতে ঘাস রোপণ করেছিলো জেলা ক্রীড়া সংস্থা। তবে এবার গরুর খাবারের জন্য সেই ঘাস কেটে নেওয়া হচ্ছে।
বুধবার (২৯ জুলাই) আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ৭/৮ জন লোক মাঠের ঘাস কাটছেন। ঘাস কেটে মাঠকে অনেকটা ন্যাড়া করে দিয়েছেন তারা।
এ ব্যাপারে ঘাস কাটায় জড়িত শ্রমিকদের সাথে আলাপ করতে চাইলে তারা কোনো কথা বলতে চাননি। তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঈদুল আযহা উপলক্ষে বসা একটি অস্থায়ী পশুর হাটের গরুর খাবারের জন্য এই ঘাস কেটে নিচ্ছেন তারা।
তবে এই ঘাস কাটার ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
বিজ্ঞাপন
জানা যায়, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের বালুময় মাঠকে খেলার জন্য প্রস্তুত করতে গত বছর সিলেট জেলা ক্রীড়া সংস্থা কয়েক লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই মাঠে ঘাস রোপণ করে।
এ ব্যাপারে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘাস কাটার ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। ঘাস রোপণে কত টাকা ব্যয় হয়েছিলো তাও জানাতে পারেননি সেলিম।
এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সচিব বিপুল তালকুদারও প্রথমে কিছু জানাতে পারেননি। পরে তিনি খোঁজ নিয়ে বলেন, ক্রীড়া কমপ্লেক্সের প্রহরীদের বলে স্থানীয় কিছু লোক সামান্য ঘাস কেটে নিয়েছে। আর কেউ যাতে ঘাস কাটতে না পারে সেজন্য আমি তাদের বলে দিয়েছি।
আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে খেলাধুলার পাশপাশি স্থানীয় বাসিন্দারা নিয়মিত শরীরচর্চা করতেন। তবে করোনা সংক্রমণের পর গত মার্চ থেকে বন্ধ রয়েছে এই কমপ্লেক্সের প্রধান ফটক।
একটি সংরক্ষিত এলাকার সৃজিত ঘাস বাইরের লোকরা কীভাবে কেটে নেয় এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘাস লম্বা হয়ে গেলে খেলাধুলায় সমস্যা হয়। তাই লম্বা হয়ে গেলে শ্রমিক দিয়ে আমাদের ঘাস কাটাতে হয়। এখন মাঠের ঘাস অনেক লম্বা হয়ে গেছে। ফলে কয়েকজন লোক এসে ঘাস কাটতে চাইলে ক্রীড়া কমপ্লেক্সের প্রহরীরা তাদের বাধা দেয়নি।