Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস : সিলেটে আরেকটি মৃত্যুহীন দিন পার

নিজস্ব প্রতিবেদক |  ০১ আগস্ট, ২০২০

সিলেটে একদিনের ব্যবধানে আরেকটি মৃত্যুহীন দিন অতিবাহিত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে করোনার সংক্রমণে কেউ মারা যায়নি। তবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১০৫ জন ও করোনাকে জয় করে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৫০ জন রোগী।

শনিবার (১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ১০৫ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৬৩ জন, হবিগঞ্জে ২১ ও সুনামগঞ্জ জেলায় ২১ জন। তবে এ ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হননি।

বিজ্ঞাপন

সুস্থ হওয়া রোগীদের মধ্যে হবিগঞ্জে সর্বাধিক ২৪ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১৬ জন। সুনামগঞ্জে করোনাকে জয় করেছেন ১০ জন। তবে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় কোনো রোগী সুস্থ হননি।

এদিকে সিলেট বিভাগে শনিবার সকাল আটটা পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৯১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৪ হাজার ২৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৪৯৩ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮১ জন ও মৌলভীবাজারে ৯৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেটের চার জেলায় ১৯০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৩ হাজার ৫১৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৪৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.