Sylhet Today 24 PRINT

শিক্ষকদের বেতন ও পদমর্যাদার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে: সিলেটে মান্নান

নিজস্ব প্রতিবেদক |  ১৭ অক্টোবর, ২০১৫

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন ও পদমর্যাদার বৈষম্যের বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

নবগঠিত বেতন স্কেলও জুলাই মাস থেকেই কার্যকর হবে বলে জানানা তিনি। শনিবার সিলেটে আরবান কমিউনিটি স্বেচ্ছাসেবকদের জাম্বুরি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ঘোষিত নতুন বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুর্নর্বিবেচনার কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, এটা তেমন কোন সমস্যা নয়,কিছু সমন্বয়ের প্রশ্ন আছে। এটা থাকবেনা। শীঘ্রই এর সমাধান হবে।
এম এ মান্নান বলেন, নতুন পে স্কেলের জিও জারির ড্রাফটিংয়ের কাজ চলছে। এ মাসের শেষ সপ্তাহে তা প্রকাশ করা হবে। এছাড়া বেতন কাঠামোতে ফিক্সিংয়ের কাজও টেকনিক্যাল এক্সপার্টরা করে যাচ্ছেন বলে জানান প্রতিমন্ত্রী এম এ মান্নান।

তিন দিনব্যাপী জাম্বুরি অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

তিনি বলেন, সারাদেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। কিন্তু দুর্যোগের জন্য ঝুৎকিপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও সিলেটে এখনো আশানুরূপ স্বেচ্ছাসেবক তৈরি করা যায় নি। তরুণরা এগিয়ে এলে বাংলাদেশ যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম বলে মন্তব্য করেন তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ জাম্বুরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত মহাপরিচালক আনিস মাহমুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.