সিলেটটুডে ডেস্ক | ১৭ অক্টোবর, ২০১৫
মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা জানার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করা সম্ভব। আর এ জন্য গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের মুক্তিযুদ্ধের অবদান শীর্ষক প্রকাশনা প্রকাশের পরিকল্পনা হাতে নিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যুব সমাজ, বাঘা”।শুক্রবার সংগঠনটির এক নির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বক্তারা জানান, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি বাঘা ইউনিয়নে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে সবার আগে এই ইউনিয়নের বীর সন্তানদের তালিকা সংরক্ষণ, তাদের জীবনী নিয়ে প্রকাশনা ও তথ্যচিত্র নির্মান করা হবে।
উল্লেখ্য, জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির ডাকে একাত্তরের মুক্তিযুদ্ধে বৃহত্তর বাঘা থেকে ১৮জন সূর্য্য সন্তান মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিও পেয়েছেন অনেকে। এর মধ্যে অনেকেই এখন আর জীবিত নেই। এছাড়া এই ইউনিয়নের আরো অসংখ্য মুক্তিকামী জনতা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে তাদের অবদান রেখেছেন। কিন্তু স্বাধীনতার এতো বছর পরও এ মাটির শ্রেষ্ঠ সন্তানদের সঠিক সম্মান দেয়া হয়নি। তাই, “মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যুব সমাজ, বাঘা” নামের এই সংগঠনটি জাতীর সেইসব বীর সন্তানদের আত্মজীবনী সংগ্রহ, সংরক্ষণ ও প্রকাশের মহান ব্রত নিয়ে কাজ করবে।
এ উপলক্ষে শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘায় আয়োজিত এক নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজি আব্দুল আহাদ উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক কুতুব আলী।
প্রবাসী কমিউনিটি নেতা মোস্তাক আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক সাংবাদিক আব্দুল আলিম শাহ, নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ চন্দ চন্দ্র, বিশিষ্ট ব্যবসায়ী ও শহীদ পরিবারের সন্তান মাহমুদ হোসেন চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শহিদুজ্জামান পাপলু, রাজনৈতিক কর্মী ও ব্যবসায়ী নেতা মনসুর আহমদ, জুবের আহমদ, আবুল কাশেম, সমাজকর্মী জাবের হোসেন এবু, সাইফুল ইসলাম সেফুল, বাউল আহমদ আলী প্রমুখ।