Sylhet Today 24 PRINT

কাভার্ড ভ্যানের আওয়াজে পুলিশ ভেবে দৌড় বিএনপি কর্মীদের!

সিলেট নগরীর মানিকপীর রোড। সময় সকাল সাড়ে ৮টা। হরতালের সমর্থনে মহানগর বিএনপির ব্যানারে মিছিল করছেন কয়েকজন নেতাকর্মী।

সিলেট টুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৫


সিলেট নগরীর মানিকপীর রোড। সময় সকাল সাড়ে ৮টা। হরতালের সমর্থনে মহানগর বিএনপির ব্যানারে মিছিল করছেন কয়েকজন নেতাকর্মী। হঠাৎ করে বেজে ওঠে গাড়ির হর্ণ। মিছিল ফেলে নেতাকর্মীরা শুরু করেন দৌঁড়াদৌঁড়ি। দৌঁড় দিতে গিয়ে মিছিলে অংশ নেয়া ছাত্রদলের এক নেতা আহতও হন। পরে পিছনে ফিরিয়ে তাকিয়ে দেখেন গাড়িটি পুলিশের নয়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যান!

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল, অবরোধের সমর্থনে ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপর মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর মানিকপীরের টিলার পাশ থেকে মিছিল বের করে মহানগর বিএনপির নেতাকর্মীরা।

মিছিল শুরু হওয়ার সাথে সাথে নয়াসড়ক পয়েন্টের দিক থেকে একটি কাভার্ড ভ্যান আসে। ওই গাড়িটি দেখেই কিছু না বুঝার আগে বিএনপির নেতাকর্মীরা দৌঁড় শুরু করে। দৌঁড়াতে গিয়ে এক ছাত্রদল কর্মী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এই ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে উপস্থিত পথচারীদের মাঝে হাস্যরসের সৃষ্টি হয় ।

মিছিলে উপস্থিত কয়েকজন হচ্ছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিফতা সিদ্দিকী, মঈন উদ্দিন সুহেল, মাহবুব চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, রুহুল কুদ্দুস হামজা, আমিনুর রহমান, সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, যুবদল নেতা হোসেন আহমদ রুহুল, মহানগর ছাত্রদল নেতা জাহেদ আহমদ তালুকদার, সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.