গোয়াইনঘাট প্রতিনিধি | ১৫ আগস্ট, ২০২০
সিলেটের গোয়াইনঘাটের জাফলং পর্যটন কেন্দ্রের একাধিক স্থানে সবুজায়ন, সামাজিক বনায়ন বৃদ্ধি এবং পর্যটকদের ছায়াবৃক্ষ হিসেবে উপকারের জন্য পর্যটন স্পটসমূহের একাধিক স্থানে বটবৃক্ষের চারা লাগানো হয়েছে।
পর্যটন পুলিশ জাফলং সাব জোনের উদ্যোগে বৃহস্পতি ও শুক্রবার জাফলং পর্যটন এলাকার বল্লাঘাট, গুচ্ছগ্রাম, সংগ্রাম বিজিবি ফাঁড়ির আশপাশের এলাকা, জিরো পয়েন্টসহ পর্যটক সমাগম হয় এমন বিভিন্ন স্থানে ল অগণিত বটবৃক্ষের ছায়া রোপণ করা হয়।
পর্যটন পুলিশ জাফলং জাফলং সাব-জোনের অফিসার ইনচার্জ রতন শেখ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই বটবৃক্ষ রোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় পর্যটন পুলিশ জাফলং, বিজিবি, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ পর্যটন স্পটের পেশাদার ফটোগ্রাফাররা উপস্থিত ছিলেন।
এ ব্যপারে কথা হলে জাফলং পর্যটন পুলিশের অফিসার ইনচার্জ রতন শেখ জানান, জাফলং বিভিন্ন পর্যটন স্পটসমূহ প্রতিদিন ঢল নামে হাজার হাজার পর্যটক দর্শনার্থীর। ভ্রমণে আসা ক্লান্ত এসব পর্যটক দর্শনার্থীদের এখানে কোন যাত্রী ছাউনী কিংবা বিশ্রামাগার নেই। এমতাবস্থায় ক্লান্ত পর্যটক দর্শনার্থীদের সুরক্ষার ব্যবস্থা করার নিমিত্তে আমার নিজস্ব অর্থায়নে পর্যটন স্পটের বিভিন্ন পয়েন্টে অগণিত বটবৃক্ষের চারা রোপনের উদ্যোগ নেই। এরই ধারাবাহিকতায় গত দু'দিনে শতাধিক চারা রোপণ করা হলো। পর্যটক দর্শনার্থীদের জন্যই আমাদের এখানে থাকা এবং তাদের নিরাপদ আগমন এবং প্রস্থানে আমাদের ভূমিকা অব্যাহত আছে। তাদের সূরক্ষায় আমাদের প্রচেষ্টা সব সময়ই ইতিবাচক।